স্বামীর বদলে প্রেমিকের সঙ্গেই জীবন, হাইকোর্টের নজিরবিহীন রায়ে মিলল সুরক্ষা!
১৯ বছর বয়সী এক তরুণী তাঁর ৪০ বছর বয়সী স্বামীর সঙ্গে সংসার করতে অস্বীকার করায় তাঁকে প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চ। বিচারপতি আনন্দ পাঠক ও বিচারপতি পুষ্পেন্দ্র যাদবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার ওই তরুণীর রয়েছে। দাম্পত্য জীবনে বয়সের বড় ব্যবধান ও মানসিক অমিলের কারণে কাউকে জোর করে সম্পর্কে আটকে রাখা যায় না বলে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছে। স্বামী কর্তৃক দায়ের করা ‘হেবিয়াস কর্পাস’ বা বন্দি প্রত্যক্ষীকরণ পিটিশনের প্রেক্ষিতে এই রায় প্রদান করা হয়।
আদালতে তরুণী সাফ জানান, স্বামীর সঙ্গে কোনো মানসিক মিল ছিল না এবং তিনি সেখানে নিগ্রহের শিকার হচ্ছিলেন। স্বেচ্ছায় স্বামীগৃহ ত্যাগ করা তরুণী নিজের সিদ্ধান্তে অনড় থেকে প্রেমিকের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এই যুগলের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত আগামী ছয় মাসের জন্য বিশেষ ‘শৌর্য দিদি’ হিসেবে সরকারি আইনজীবী অঞ্জলি জ্ঞানানি এবং লেডি কনস্টেবল ভাবনাকে দায়িত্ব প্রদান করেছে। তাঁরা নিয়মিত তরুণীর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেবেন। পাশাপাশি, প্রেমিকের পক্ষ থেকেও তরুণীর সুরক্ষা ও যত্নের বিষয়ে আদালতে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে।