রেশন কার্ড থাকলেই মিলবে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, জেনে নিন আপনি যোগ্য কি না!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্বতন সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের পরিবর্তে এবার কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ যোজনা চালু হয়েছে। রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারকে ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমার আওতায় আনার লক্ষ্যমাত্রায় বিভিন্ন জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত দেশের হাজার হাজার হাসপাতালে ১৯২৯ ধরনের চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।
প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, মূলত AAY, SPHH এবং PHH ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। তবে RKSY-I এবং RKSY-II কার্ডধারীরা এই বিমার আওতায় আসবেন না। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে রেশন কার্ডের এই বাধ্যবাধকতা রাখা হয়নি, অর্থাৎ যেকোনো কার্ড থাকলেই তাঁরা এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
আবেদনকারীরা অফলাইন শিবিরের পাশাপাশি অনলাইনে beneficiary.nha.gov.in ওয়েবসাইটে গিয়েও নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে পোর্টালে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করে PM-JAY বিকল্প বেছে নিতে হবে। রাজ্য, জেলা এবং আধার নম্বর বা নাম দিয়ে তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় নথি ও ছবি আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।