জামাইষষ্ঠী আজ! জেনে নিন পুজোর শুভ সময় ও নিয়মাবলী

জ্যৈষ্ঠ ও আষাঢ়ের দাবদাহের মধ্যেই আজ ঐতিহ্যবাহী ‘জামাইষষ্ঠী’ উদযাপিত হচ্ছে। বাঙালি হিন্দু পরিবারগুলোতে শাশুড়িরা সন্তানের মঙ্গল কামনায় এবং জামাইয়ের দীর্ঘায়ু ও সুখের সন্ধানে নিষ্ঠাভরে এই ব্রত পালন করছেন। ২০ জুন, শনিবার (৫ আষাঢ়) দিনটি জামাইষষ্ঠী হিসেবে পালিত হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ষষ্ঠী তিথি ১৯ জুন বিকেল ৫টা ১ মিনিটে শুরু হয়ে ২০ জুন দুপুর ৩টা ৪৭ মিনিটে শেষ হচ্ছে। অন্যদিকে, গুপ্ত পঞ্জিকা মতে, ষষ্ঠী তিথি ১৯ জুন রাত ১০টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়েছে এবং ২০ জুন রাত ৮টা ৫৭ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে।

জামাইষষ্ঠীর মূল আচার হিসেবে শাশুড়িরা ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা ষষ্ঠীর আরাধনা করেন। পুজোর উপাচার হিসেবে পাঁচটি মরশুমি ফল, মিষ্টি দই এবং ১০৮টি দুর্বা ঘাস নিবেদন করা হয়। এছাড়া নিয়ম অনুযায়ী বিধিবদ্ধ পুজো, ঘট স্থাপন এবং ষষ্ঠীর ব্রতকথা পাঠ করা হয়। এরপর জামাইকে বরণ করে কপালে দইয়ের ফোঁটা পরিয়ে হাতে হলুদ সুতো বেঁধে দেওয়া হয় এবং ১০৮টি দুর্বা ঘাস দিয়ে ‘ষাট ষাট’ উচ্চারণের মাধ্যমে অমঙ্গল দূর করার প্রার্থনা করা হয়। পুজোর সমস্ত আনুষ্ঠানিকতা শেষে ভুরিভোজের মাধ্যমে এই উৎসব সম্পন্ন হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *