পুষ্পা ২-এর প্রদর্শনীতে মর্মান্তিক মৃত্যু, আইনি বিপাকে আল্লু অর্জুন!

হায়দরাবাদের নামপল্লী আদালত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে সমন জারি করেছে। আগামী ২২ জুন তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে হায়দরাবাদের একটি থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনী চলাকালীন মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে রেবতী নামের এক নারী নিহত এবং তাঁর ছেলে শ্রীতেজ গুরুতর আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় ১৯ জন অভিযুক্তের মধ্যে আল্লু অর্জুন ১১ নম্বর অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত।

পুলিশের তদন্ত অনুযায়ী, পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। চিক্কড়পল্লী পুলিশ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার পর আদালত ১৯ জনের বিরুদ্ধে এই সমন জারি করেছে। এদিকে, আল্লু অর্জুনের আইনি দল সমন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, তারা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। দুর্ঘটনার পর অভিনেতার পরিবারের পক্ষ থেকে আল্লু অরবিন্দ এবং স্নেহা রেড্ডি আহত শ্রীতেজের পরিবারের সঙ্গে দেখা করে তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এবং শ্রীতেজের বোনের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *