একেনবাবুর নামে ভুয়ো প্রোফাইল থেকে রাজনৈতিক পোস্ট, সাইবার হানার মুখে অনির্বাণ!
ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরির ঘটনায় বিপাকে পড়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। অভিনেতার অভিনীত জনপ্রিয় চরিত্র ‘একেনবাবু’র ছবি ব্যবহার করে ওই অ্যাকাউন্ট থেকে ক্রমাগত রাজনৈতিক মিম ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। গত বৃহস্পতিবার বিষয়টি নজরে আসার পর থেকেই এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অনির্বাণ চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর একটিমাত্র অফিসিয়াল প্রোফাইল রয়েছে এবং অন্য কোনো পেজ বা অ্যাকাউন্টের সঙ্গে তাঁর কোনো যোগ নেই। একইসঙ্গে বিভ্রান্তি এড়াতে তিনি অনুরাগীদের সতর্ক করেছেন। ইতিমধ্যে ওই ভুয়ো প্রোফাইলটির বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন অভিনেতা। তবে ওই প্রোফাইল থেকে আপাতত কোনো আপত্তিকর কনটেন্ট পোস্ট করা না হওয়ায় আইনি পদক্ষেপের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে বলে জানা গেছে।