কলকাতায় মোদী, নৌসেনার শক্তিবৃদ্ধিতে আসছে ৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ!

দেশের সামুদ্রিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে আগামী ২১ জুন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি ভারতীয় নৌবাহিনীর জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রে-র আনুষ্ঠানিক উদ্বোধন ও কমিশন করবেন। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা নির্মিত এই জাহাজগুলো নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় তৈরি করা হয়েছে।
প্রজেক্ট ১৭এ-এর পঞ্চম স্টিলথ ফ্রিগেট ‘আইএনএস দুনাগিরি’ ব্রহ্মোস মিসাইলসহ অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থায় সজ্জিত। চতুর্থ সার্ভে ভেসেল ‘আইএনএস সংশোধক’ হাইড্রোগ্রাফিক সার্ভে ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হবে, যা আধুনিক আন্ডারওয়াটার ও রিমোটলি অপারেটেড ভেহিকল সমৃদ্ধ। এছাড়া, অগভীর জলে শত্রু সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে ‘আইএনএস অগ্রে’, যা হালকা টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং শ্যালো-ওয়াটার সোনার সিস্টেমে সজ্জিত। এই যুদ্ধজাহাজগুলোর ৭৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।