শোভনদেবের মুখোমুখি সিআইডি, বিধায়কদের সই জালিয়াতিতে বড় মোড়!
তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডের তদন্তে গতি বাড়াতে রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী তথা প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। শনিবার সকালে ৬ সদস্যের একটি তদন্তকারী দল ভবানীপুরে তাঁর বাসভবনে গিয়ে প্রায় আধ ঘণ্টা কথা বলেন। কালীঘাটের পার্টি অফিসে সই গ্রহণের দিন সেখানে কারা উপস্থিত ছিলেন এবং সেই প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি ছিল কি না, মূলত তা জানতেই গোয়েন্দারা এই পদক্ষেপ নিয়েছেন। গত ১০ দিনে এ নিয়ে দ্বিতীয়বার প্রবীণ এই নেতার মুখোমুখি হলেন তদন্তকারীরা।
তদন্তের স্বার্থে এর আগে কালীঘাটের ওই পার্টি অফিসে তল্লাশি চালানো হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিষেক ও কুণালকে মুখোমুখি বসিয়েও জেরা করেছেন আধিকারিকরা। এদিকে, সই জাল সংক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরে তৈরি হওয়া বিতর্ক অব্যাহত রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়কদের দাবিকে নস্যাৎ করে শোভনদেব চট্টোপাধ্যায় পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সই করার দিন এক জন ছাড়া বাকি সব বিধায়ক উপস্থিত ছিলেন এবং বিষয়টি নিয়ে ঋতব্রতদের চক্রান্ত রয়েছে।