মাথা ব্যথা হলেই ওষুধ? সাবধান, জেনে নিন চিকিৎসকের পরামর্শ!
ব্যস্ততা, মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপনের কারণে মাথা ব্যথার সমস্যায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে বা বিভিন্ন চটকদার বিজ্ঞাপনী ওষুধের ওপর নির্ভর করে থাকেন। তবে চিকিৎসকদের মতে, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এভাবে ওষুধ সেবনের প্রবণতা দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি ও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া ডেকে আনতে পারে।
মাথা ব্যথার প্রাথমিক লক্ষণে ওষুধ সেবনের পরিবর্তে কারণ বুঝে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তীব্র রোদে মাথাব্যথা হলে ঠান্ডা স্থানে আশ্রয় নেওয়া, স্ক্রিন টাইম কমানো কিংবা শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম বা ঘুমের মাধ্যমে ওষুধ ছাড়াই এই যন্ত্রণা উপশম সম্ভব। অসহনীয় যন্ত্রণার ক্ষেত্রে চিকিৎসকরা কেবল প্যারাসিটামল জাতীয় ওষুধকে নিরাপদ মনে করেন, তবে বাজারে প্রচলিত অনিরাপদ ও বিজ্ঞাপনী ওষুধের কার্যকারিতা নিয়ে তারা যথেষ্ট সতর্ক করেছেন।
ওষুধ সেবনের পরও ব্যথা না কমলে, যন্ত্রণার তীব্রতা বাড়লে, নিয়মিত বিরতিতে সমস্যা দেখা দিলে কিংবা দৃষ্টিশক্তির অবনতি হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমেই এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব।