বিনা টিকিটে ট্রেন সফর? এবার গুণতে হবে দ্বিগুণ জরিমানা!
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রুখতে জরিমানার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। জন বিশ্বাস অ্যাক্ট, ২০২৬-এর অধীনে পুরনো রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ১৩৭ ও ১৩৮ ধারায় সংশোধন এনে সর্বনিম্ন জরিমানার অঙ্ক ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই পূর্ব রেলওয়েতে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
রেলের নতুন নিয়ম অনুযায়ী, টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ, মেয়াদোত্তীর্ণ টিকিট বা পাস ব্যবহার করা এবং বিনা টিকিটে রেলওয়ে চত্বরে প্রবেশ করা—সবই অবৈধ হিসেবে গণ্য হবে। বৈধ যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং ট্রেনের শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, টিকিট চেকিংয়ের ওপর বিশেষ নজরদারি বাড়ানোর ফলে পূর্ব রেলওয়ের রাজস্ব আয় বেড়েছে। গত বছরের মে মাসের তুলনায় ২০২৬ সালের মে মাসে টিকিট চেকিং থেকে প্রাপ্ত আয় ৫০.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩.০৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের নিয়মিত বৈধ টিকিট সংগ্রহ করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।