কলকাতায় মোদী! ট্র্যাফিক জট এড়াতে কী করবেন, জেনে নিন জরুরি নির্দেশিকা
পশ্চিমবঙ্গে দুই দিনের সফরে শনিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসূচি অনুযায়ী, শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলে তিনি কলকাতায় পৌঁছাবেন এবং রবিবার সকালে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিতে অংশ নেবেন। এই ভিভিআইপি সফরকে কেন্দ্র করে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তায় সব ধরনের সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি রেড রোড ও এর আশপাশের এলাকায় কঠোর পার্কিং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা এবং রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত কলকাতার বড় মালবাহী গাড়ি চলাচলের রুটে পরিবর্তন আনা হয়েছে। তবে জরুরি পরিষেবা যেমন—ওষুধ, দুগ্ধজাত দ্রব্য, শাকসবজি, অক্সিজেন ও জ্বালানিবাহী গাড়িগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।