ভোটের আগে বাসন্তীতে বারুদের গন্ধ, তৃণমূল নেতার পুকুরঘাটে মিলল বিপুল আগ্নেয়াস্ত্র!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাসন্তী থানা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে তল্লাশি চালিয়ে শওকত গায়েন নামের এক তৃণমূল নেতার বাড়ির পুকুরঘাট থেকে ১৪টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ও ৯৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় শওকত গায়েন ও জাফর শেখ নামে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে শেখ শাহজাহানের ডেরায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত রমজান শেখকে জেরার সূত্র ধরেই শওকত গায়েনের বাড়ির এই অস্ত্রভাণ্ডারের হদিশ মেলে। ধৃত শওকতের ছেলে রেজাউল গায়েন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং এলাকার প্রভাবশালী নেতা রাজা গাজির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বর্তমানে আরও অস্ত্রের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে এসটিএফ। এদিকে, ঘটনার জেরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, শাসকদলের মদতেই এলাকায় অস্ত্র মজুত করা হচ্ছে এবং অবিলম্বে মূল অভিযুক্ত রাজা গাজিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *