নিট পরীক্ষা ঘিরে নজিরবিহীন তৎপরতা, আকাশে সেনার কপ্টার আর রাস্তায় নামল প্যারামিলিটারি!
মে মাসে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর বাতিলের মুখে পড়া এই প্রবেশিকা পরীক্ষা আগামী ২১ জুন পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষাটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শনিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশজুড়ে এক বিশাল মক ড্রিল বা মহড়ার আয়োজন করেছে। প্রশ্নপত্র ডেলিভারি থেকে উত্তরপত্র সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপ নিখুঁতভাবে যাচাই করতেই এই নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবার সরাসরি ভারতীয় বায়ুসেনাকে যুক্ত করা হয়েছে, যারা বিমানে ও হেলিকপ্টারে করে অত্যন্ত গোপনে প্রশ্নপত্র নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছে। এছাড়া প্রায় ১৫ হাজার আধাসামরিক বাহিনী প্রশ্নপত্রের সুরক্ষা ও পরিবহনের দায়িত্বে রয়েছে। দেশের ৫৫১টি শহর ও ১৪টি আন্তর্জাতিক কেন্দ্র মিলিয়ে মোট ৫,৫০০টি পরীক্ষাকেন্দ্রকে ‘হাই-সিকিউরিটি জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে। প্রযুক্তিগত জালিয়াতি রুখতে ১৫ হাজার সিগন্যাল জ্যামার বসানো হয়েছে এবং পুরো বিষয়টি দেড় লক্ষ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এনটিএ-র কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে।
নিট-ইউজি পরীক্ষায় এবার মোট ২২.৮ লক্ষ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ইতিমধ্যে ১৮.৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী নিজেদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করেছেন। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় জেলা প্রশাসন, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রায় আড়াই লক্ষ কর্মী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকছেন।