তৃণমূলের পথে সমাজবাদী পার্টি, অখিলেশের দলে বড় ভাঙন!
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের পর এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমাজবাদী পার্টিতে বড়সড় ভাঙনের জল্পনা তৈরি হয়েছে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সম্ভাবনা ঘিরে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভরের দাবি, সমাজবাদী পার্টির প্রায় ৩০ জন বিধায়ক যেকোনো মুহূর্তে এনডিএ শিবিরে যোগ দিতে পারেন। একই সুর শোনা গেছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের গলায়। তিনি দাবি করেছেন যে, সপা-র ২৫ থেকে ২৬ জন বিধায়ক দলবদল করতে প্রস্তুত থাকলেও বিজেপি আপাতত তাদের দলে নিতে আগ্রহী নয়।
তবে সমাজবাদী পার্টির নেতারা এই দল ভাঙার জল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। দলের দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে এবং কর্মীবাহিনীর মনোবল ভাঙার উদ্দেশ্যে বিজেপি ও তাদের শরিক দলগুলি পরিকল্পিতভাবে এই মিথ্যা প্রচার চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আসন্ন নির্বাচনে শক্তিশালী বিরোধী দলকে মানসিকভাবে দুর্বল করতে এটি বিজেপির একটি কৌশলগত ‘মাইন্ডগেম’ হতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিকে কড়া টক্কর দিয়ে ভালো ফল করেছিল সমাজবাদী পার্টি।