হিজাব ছাড়া গানে মত্ত গায়িকা, ৭৪ ঘা চাবুকের ভয়ংকর শাস্তি!
অনলাইনে হিজাব ছাড়া গান গাওয়ার অভিযোগে ইরানের গায়িকা পারাস্তু আহমাদিসহ ৯ শিল্পীকে ৭৪ ঘা চাবুক মারার সাজা দিয়েছে দেশটির কোম প্রদেশের একটি আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে আয়োজিত একটি অনলাইন কনসার্টে স্লিভলেস পোশাক পরিধান করে গান গাওয়ার অপরাধে তাঁদের এই শাস্তি দেওয়া হয়। চাবুকের পাশাপাশি গায়িকা পারাস্তুর ওপর আগামী দুই বছরের জন্য দেশত্যাগ এবং শিল্পী হিসেবে পারফর্ম করার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইরানি প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাগুলোর দাবি, পোশাক নির্বাচন ও সাংস্কৃতিক চর্চার অপরাধে এ ধরনের নৃশংস শাস্তি দেশটির সরকারের কট্টরপন্থী মানসিকতার প্রতিফলন। উল্লেখ্য, ইরানের বিদ্যমান আইনে নারীদের গান গাওয়া সরাসরি দণ্ডনীয় অপরাধ না হওয়া সত্ত্বেও আদালতের এই রায়ে দেশটির নারীদের বাকস্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ইরানের ভাবমূর্তিকে নতুন করে সংকটের মুখে ফেলেছে।