১২% ডিএ কি মিলবে বাজেটে, স্বস্তির অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা!
সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে এবারের বাজেটে বিশেষ ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বর্তমান আর্থিক পরিস্থিতির নিরিখে সম্পূর্ণ ৪২ শতাংশ বকেয়া ডিএ একবারে মেটানো সম্ভব না হওয়ায়, প্রথম ধাপে ১০ থেকে ১২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। জানা গেছে, ২০২৭ সালের জানুয়ারি মাসে সপ্তম বেতন কমিশন চালুর আগেই তিন দফায় বকেয়া মিটিয়ে দেওয়ার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী বকেয়া থাকা ৩৫ হাজার ৩৭৭ কোটি টাকার দায় মেটানোই বর্তমানে প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।
এই বিপুল আর্থিক চাপ সামলাতে রাজ্য সরকার ৪০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের কথা ভাবছে। রাজস্ব ঘাটতি কমাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত থেকে আয় বৃদ্ধি, অপচয় রোধ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তা তালিকা পুনঃপরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের নিজস্ব খাতের খরচ কমাতে রাজ্য পরিচালিত বেশ কিছু প্রকল্পের জায়গায় সমমানের কেন্দ্রীয় প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এবারের পূর্ণাঙ্গ বাজেটের আকার ৪ লক্ষ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় প্রকল্পগুলোর বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।