মোদী আসছেন কলকাতায়, যানজটের আশঙ্কায় শহরবাসী!
দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বিকেলে তিনি কলকাতায় পৌঁছাবেন এবং রবিবার সকালে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই ভিভিআইপি সফর ও যোগ দিবসের নিরাপত্তায় কলকাতা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং ট্র্যাফিক ব্যবস্থায় বড়সড় রদবদল আনা হয়েছে।
কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রোড ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সাধারণ যানচলাচলের জন্য বন্ধ থাকবে। এছাড়া শনিবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ১০টা এবং রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত মালবাহী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভিআইপি কনভয়ের নিরাপত্তার জন্য লালবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিংয়ের ওপরও কড়া বিধিনিষেধ আরোপ করেছে।