ভিডিয়ো কল চালু রেখেই আত্মঘাতী নাবালিকা, কল্যাণীর মর্মান্তিক মৃত্যুতে রহস্য!
কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকায় এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে বাড়ির সিঁড়িঘরে ওই নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। উদ্ধারের সময় নাবালিকার পাশেই একটি মোবাইল ফোন সচল অবস্থায় পাওয়া যায়, যাতে তখনও একটি ভিডিয়ো কল চালু ছিল। পুলিশ দেহ উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্ত ও পরিবারের অভিযোগ অনুযায়ী, কল্যাণীর কাঁঠালতলা এলাকার এক যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁদের মধ্যে দীর্ঘদিনের টানাপড়েন চলছিল। শুক্রবার বিকেলে ওই যুবক নাবালিকাকে গালিগালাজ ও অপমান করেন বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই নাবালিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এছাড়া, আত্মহত্যার সময় মোবাইল ফোনের ভিডিয়ো কলে অপর প্রান্তে সেই অভিযুক্ত যুবক উপস্থিত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রানাঘাট পুলিশ জেলার সুপার আশীষ মৌর্য জানিয়েছেন, আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।