পিএম কিষানের টাকা পেয়েছেন কি? দ্রুত চেক করার সহজ উপায় জানুন!
দেশজুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির অর্থ বিতরণ শুরু হয়েছে। শনিবার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা করে এই কিস্তির অর্থ পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু করেন। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ থেকে এই প্রকল্পের অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হলো। বার্ষিক ৬ হাজার টাকা সহায়তার অংশ হিসেবে এই প্রকল্পে প্রতিবার ২০০০ টাকা করে তিনটি সমান কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।
সুবিধাভোগীরা পিএম কিষানের সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘বেনিফিশিয়ারি লিস্ট’ অপশনে রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম নির্বাচনের মাধ্যমে নিজেদের নাম তালিকায় রয়েছে কি না তা যাচাই করতে পারবেন। এছাড়া, ‘নলেজ ইউর স্ট্যাটাস’ বিভাগে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ই-কেওয়াইসি, ল্যান্ড সিডিং এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংয়ের বর্তমান অবস্থাও পরীক্ষা করা যাবে। এই তিনটি ক্ষেত্রে তথ্য সফলভাবে যাচাই করা থাকলে কৃষকরা নির্বিঘ্নে এই সরকারি সহায়তার অর্থ গ্রহণ করতে পারবেন।