কোর্টে আইনজীবী নেই! পালানোর ছক কষতেই পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী

পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী রোজিনা বিবি, আদালতে মিলল না আইনজীবী
দক্ষিণ ২৪ পরগনার ফলতার আলোচিত ‘পুষ্পা’ খ্যাত জাহাঙ্গির খানের স্ত্রী রোজিনা বিবি ওরফে সারিকাকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। শনিবার উস্তি ও বিষ্ণুপুর থানার সীমানা সংলগ্ন জুলপিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রোজিনা গাড়ি করে ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এদিন ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তাঁকে পেশ করা হলে কোনো আইনজীবী তাঁর হয়ে সওয়াল করতে এগিয়ে আসেননি। পরে লিগ্যাল এইডের একজন সরকারি আইনজীবী দায়িত্ব গ্রহণ করলেও আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
রোজিনা বিবির বিরুদ্ধে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুত, পুলিশের ওপর হামলার ষড়যন্ত্র, বেআইনি জমায়েত এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ছক কষার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে ফলতার শতলকলসায় স্বামী জাহাঙ্গির খানকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চক্রান্তের পেছনে তিনি মূল পাণ্ডা হিসেবে জড়িত বলে অভিযোগ। এদিকে, ছয় দিনের পুলিশি হেফাজত শেষে এদিন স্বামী জাহাঙ্গির খানকেও আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালতের পক্ষ থেকে আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।