কাশ্মীরের জঙ্গলে হিজবুল ডেরা, অস্ত্রসহ গ্রেফতার খোদ বনকর্মী!
জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে হিজবুল মুজাহিদ্দিনের একটি গোপন আস্তানা খুঁজে পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার অভিযোগে স্থানীয় এক বনকর্মীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তারেক আহমেদ গিন্নু পেশায় বনকর্মী এবং তিনি হিজবুল জঙ্গি মুদাস্সির হুসেনের বাবা। অপর ধৃতের নাম মহম্মদ ইকবাল। কিশতোয়ারের দানচান এলাকার তান্দের থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
নিরাপত্তা বাহিনীর তদন্তে জানা গেছে, বনকর্মী তারেক আহমেদ গিন্নু দীর্ঘদিন ধরে দুর্গম বনাঞ্চলের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে স্থানীয় সন্ত্রাসীদের আশ্রয় ও রসদ জোগাতেন। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তান্দের এলাকার কানজালগোথ জঙ্গলে হানা দিয়ে যৌথ বাহিনী একটি গোপন আস্তানা থেকে ১৬টি একে-৪৭ রাইফেলের কার্তুজ ও তিনটি আন্ডার-ব্যারেল গ্রেনেড লঞ্চার (ইউবিজিএল) উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। ছত্রু এলাকা থেকে সম্প্রতি দুজনকে গ্রেফতারের পর জেরা করে এই নতুন চক্রের হদিস পায় পুলিশ। এদিকে, মুদাস্সির হোসেন ও জাহাঙ্গীর সরুরিসহ তিন শীর্ষ হিজবুল জঙ্গিকে ধরতে পাহাড়ি এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী; তাদের প্রত্যেকের মাথার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।