চিংড়ি কারখানায় বিষাক্ত গ্যাসের ছোবল, মৃত ৭ শ্রমিক!

তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় একটি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনায় সাতজন মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পেরিয়াপালায়মের কানিগাইপেয়ার গ্রামের ‘সেন্ট পিটার্স পল সি-ফুডস এক্সপোর্টস’ কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরও অন্তত ৬০ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাছ ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত কুল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হতাহতদের মধ্যে ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের বহু পরিযায়ী শ্রমিক রয়েছেন।

উদ্ধারকাজে চেন্নাই থেকে এনডিআরএফ-এর ৩০ সদস্যের একটি বিশেষ কেমিক্যাল রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। পিপিই কিট ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে গ্যাস নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট তলব করেছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার এফআইআর দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কারখানার দুই মালিককে হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *