গাড়িতে ঝুলন্ত টোলকর্মী, ১২ কিমি টানল চালক! ভয়াবহ অভিজ্ঞতায় বেঁচে ফিরলেন যুবক
শিলিগুড়ির ঘোষপুকুর টোলপ্লাজায় টোল দেওয়া নিয়ে বচসার জেরে এক কর্মীর হাত ধরে চলন্ত গাড়ি ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আসাম নম্বরের একটি গাড়ির যাত্রীদের সঙ্গে রাকেশ সিং নামের ওই কর্মীর কথা কাটাকাটি হয়। অভিযোগ, সেই সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি রাকেশের হাত ধরে ফেললে চালক গাড়িটি প্রবল গতিতে শিলিগুড়ির দিকে চালাতে শুরু করেন। এই অবস্থায় টোলকর্মী গাড়ির বাইরে ঝুলে থাকায় এক প্রত্যক্ষদর্শী মহম্মদ বাবলু নিজের গাড়ি নিয়ে অভিযুক্তদের বাধা দেওয়ার চেষ্টা করেন এবং পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। টানা ১২ কিলোমিটার ধাওয়া করার পর ফুলবাড়ি টোলপ্লাজার কাছে ট্রাফিকের চাপে গাড়িটি থামলে অন্য চালকদের সহায়তায় রাকেশকে উদ্ধার করা হয়।
ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। তদন্তে জানা যায়, রায়গঞ্জ থেকে কোচবিহারের তুফানগঞ্জগামী ওই গাড়িতে চালক ছাড়াও দুই শিশু ও এক মহিলাসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। তবে এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় শনিবার পুলিশ সকলকে ছেড়ে দেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একইসঙ্গে এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়ে ওই কর্মীকে বাঁচানোয় মহম্মদ বাবলুর প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।