‘আমাকে বাজারে বিক্রি করেছেন মমতা!’ তৃণমূলের সংকটে বিস্ফোরক বৈশাখী
তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে দলনেত্রী তাঁকে চরম অপমান করেছেন এবং শোভনকে সরিয়ে ফিরহাদ হাকিমকে মেয়র করার পেছনে গভীর চক্রান্ত ছিল। বৈশাখীর মতে, ১৫ বছর ক্ষমতায় থাকা দলটির এই ভরাডুবির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও সিদ্ধান্তই দায়ী।
ফিরহাদ হাকিমকে ‘অযোগ্য’ ও ‘বাচাল’ মেয়র হিসেবে কটাক্ষ করার পাশাপাশি দলের বর্তমান সাংগঠনিক কাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বৈশাখী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বর্তমান তৃণমূল কংগ্রেসকে তিনি ‘কর্পোরেট’ বলে অভিহিত করেছেন। এছাড়া অরূপ বিশ্বাস ও অনন্যা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যক্তিগত অভিযোগ তোলার পাশাপাশি, মাটির কাছাকাছি থাকা নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের প্রশংসা করেছেন তিনি। তবে শোভন চট্টোপাধ্যায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন এবং তাঁকে পরিবারের সদস্য মনে করেন বলেও জানিয়েছেন বৈশাখী।