সোমবার বাংলার প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কর্মসংস্থান ও শিল্পের আশায় কি বুক বাঁধছে বঙ্গবাসী?

স্বাধীনতার পর বাংলায় প্রথমবার ক্ষমতায় আসা বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে। দুপুর ১২টায় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বাজেট পেশ করবেন। তার আগে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যের পূর্বতন সরকারের ঋণের বোঝা সামলে নতুন সরকার কীভাবে অর্থনীতির চাকা সচল রাখে এবং সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপিয়ে আয় বৃদ্ধির পথ খুঁজে বের করে, সেদিকেই নজর রয়েছে বিশেষজ্ঞ মহলের।

কর্মসংস্থান, শিল্পায়ন, পরিকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক প্রকল্পের প্রসারে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বেকারত্ব দূর করে কর্মসংস্থানের দিশা দেখানো, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং ‘আয়ুষ্মান ভারত’ বা ‘অন্নপূর্ণা যোজনা’-র মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোর বরাদ্দ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন আমজনতা। বাজেটের রূপরেখা চূড়ান্ত করতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ির পরামর্শ নিয়েছেন। বিজেপি নেতৃত্বের দাবি, এটি একটি সর্বমুখী বাজেট হতে চলেছে, যা রাজ্যের সব শ্রেণির মানুষের প্রত্যাশা পূরণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *