ফের বিপাকে অভিষেকের PA সুমিত, ডেবরার চাকরি কাণ্ডে তুঙ্গে বিতর্ক!
পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় দায়ের হওয়া একটি চাকরি প্রতারণা ও জালিয়াতির মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম যুক্ত করল পুলিশ। জমি জালিয়াতি ও মাটি চুরির মামলায় আগেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সিআইডির লুকআউট নোটিস জারি ছিল। নতুন এই মামলায় নাম জড়ানোয় সুমিত রায়ের আইনি জটিলতা আরও বৃদ্ধি পেল।
মামলার বিবরণে জানা যায়, গত ১৬ জুন ত্রিলোচনপুরের বাসিন্দা প্রসেনজিৎ রায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর দাবি, ২০২৩ সালে সরকারি চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রসেনজিৎ রায়ের অভিযোগ অনুযায়ী, চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য কলকাতার বিকাশ ভবন ও খাদ্য ভবন ঘুরিয়ে দেখানো এবং ভুয়ো মেডিক্যাল টেস্ট করানো হয়েছিল। এই প্রক্রিয়ার সময় নিজেকে ‘নবান্নের কর্মী’ পরিচয় দেওয়া আশিক নামের এক ব্যক্তি প্রসেনজিৎকে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে টাকা না দিলে চাকরি পাওয়া সম্ভব নয়। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে সুমিত রায়ের নাম এফআইআর-এ নথিভুক্ত করেছে।