দলবদলে ৪০ কোটির চুক্তি! মহুয়ার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি
তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ মহুয়া মৈত্রের, পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০ জন সাংসদের এনসিপিআই-তে (NCPI) যোগ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা তৈরি হয়েছে। এ ঘটনা নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ তুলেছেন যে, দলত্যাগীরা বিপুল অঙ্কের আর্থিক বিনিময়ে দল ছেড়েছেন। মহুয়া মৈত্রের দাবি, প্রতিটি সাংসদ এনসিপিআই-এর সঙ্গে ৪০ কোটি টাকার চুক্তি করেছেন, যার মধ্যে ৪ কোটি টাকা অগ্রিম নেওয়া হয়েছে এবং বাকি টাকা ৩৬ মাসে প্রতি মাসে ১ কোটি টাকা করে পাওয়ার কথা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এবং দলীয় বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ করেন তিনি।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদারের মতো এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদরা। নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শতাব্দী রায় পালটা অভিযোগ করে বলেন, মহুয়া কোনো প্রমাণ ছাড়াই কথা বলছেন। অন্যদিকে, এনসিপিআই-এর লোকসভা নেত্রী কাকলি ঘোষ দস্তিদার সাফ জানিয়েছেন, এই অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এনিয়ে দলত্যাগী সাংসদরা একটি ভার্চুয়াল বৈঠকও করেছেন।