স্টেশনে বসছে নামমাত্র মূল্যের ফুড স্টল, রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর!

রেল যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই পরিকল্পনার আওতায় কলকাতা ও শিয়ালদহ স্টেশনে চালু হতে যাচ্ছে চাকা লাগানো ভ্রাম্যমাণ ফুড স্টল। কোনো স্থায়ী অবকাঠামো ছাড়াই এই স্টলগুলো স্টেশনের নির্দিষ্ট সীমানার মধ্যে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে খাবার পৌঁছে দেবে। সাধারণ যাত্রীদের নাগালের মধ্যে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই স্টলগুলো চালুর অনুমতি দেওয়া হচ্ছে।

এই প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক বিক্রেতাদের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে। রেল কর্তৃপক্ষ খাবারের গুণগত মানের পাশাপাশি দামের ওপরও কঠোর নজরদারি করবে। এছাড়া, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যাত্রীদের যাতায়াতে বিঘ্ন না ঘটাতে বিশেষ নিয়মাবলি জারি করা হয়েছে। খাবার বিক্রির পর যত্রতত্র আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ স্টলগুলোর চলাচল শুধুমাত্র নির্দিষ্ট সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য বড় স্টেশনগুলোতেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *