যোগের ছোঁয়ায় মাতল রেড রোড, সুস্থ জীবনের ডাক দিলেন মোদী!

রবিবার কলকাতার রেড রোডে আয়োজিত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের এক বিশাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হাজার হাজার মানুষ যোগাভ্যাসে অংশ নেন। পশ্চিমবঙ্গের বুকে আয়োজিত এই প্রথম রাষ্ট্রীয় স্তরের বড় মাপের যোগ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’—এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুস্থ জীবনযাপন ও নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও ঋষি অরবিন্দের জীবনদর্শনের প্রসঙ্গ টেনে মানসিক স্থিরতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যোগের ভূমিকার কথা উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের মানুষের ক্রমবর্ধমান সচেতনতার ফলে এবারের আয়োজনে এক কোটিরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছেন। যোগ শিবিরের পর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে পৌঁছান এবং দেশের আত্মনির্ভরতার প্রতীক হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নৌবাহিনীর তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—আইএনএস দুনগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেন। এই সরকারি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *