নেতা-মন্ত্রীদের লক্ষ্য করে ডিম বৃষ্টি! হামলা রুখতে আদালতের দ্বারস্থ তৃণমূল
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর ধারাবাহিক হামলা এবং বিশেষ করে জনসমক্ষে ডিম ছোড়ার মতো অনভিপ্রেত ঘটনা রুখতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষস্থানীয় নেতা, সাংসদ ও বিধায়কদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দাবিতে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে দায়ের করা এই মামলায় সোনারপুর, চণ্ডীতলা, কালীঘাট ও কামারহাটিতে দলীয় কার্যালয় দখল, গাড়ি ভাঙচুর এবং নেতাদের ওপর হামলার খতিয়ান তুলে ধরা হয়েছে।
মামলার আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কুণাল ঘোষ এবং মদন মিত্রের ওপর সাম্প্রতিক হামলাসহ গ্রেফতার হওয়া নেতাদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর মতো পুলিশি পদক্ষেপের তীব্র বিরোধিতাও করা হয়েছে। রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে বিভিন্ন অভিযোগে ধৃত নেতাদের ওপর জনরোষ ও আক্রমণাত্মক পরিস্থিতি সামাল দিতে পুলিশের ভূমিকা এবং নিচুতলার কর্মীদের মনোবল বজায় রাখার বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার সম্ভাব্য শুনানিতে আদালতের নির্দেশ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।