বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন প্রসেনজিতের বোন পল্লবী!
জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন তাঁর বোন ও অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, অভিনেতা প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার পক্ষে প্রেরণা নামে এক কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ বছর ধরে বাবার সঙ্গে প্রেরণার কোনো যোগাযোগ নেই। পল্লবীর ভাষ্যমতে, বিচ্ছেদের পর অপর্ণা দেবী মেয়েকে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অভিনেতার প্রাক্তন স্ত্রী চাননি যে প্রেরণা তাঁর বাবার সঙ্গে কোনো সম্পর্ক বজায় রাখুন। এছাড়া প্রেরণার ছোটবেলার জন্মদিনে প্রসেনজিৎ উপস্থিত না হওয়ায় সৃষ্ট দূরত্ব কালক্রমে গভীর ক্ষোভে পরিণত হয়। পল্লবী চট্টোপাধ্যায় জানান, এই পিতা-কন্যার সম্পর্কের দূরত্ব এতটাই বেড়েছে যে প্রেরণা এখন তাঁর বাবাকে নিয়ে কোনো আলোচনাও পছন্দ করেন না। বর্তমান প্রযুক্তির যুগেও সদিচ্ছার অভাবেই এই দূরত্ব ঘুচছে না বলে মনে করেন পল্লবী। নিজে ভাইঝির সঙ্গে যোগাযোগ রাখলেও, পিতা-কন্যার এই বিচ্ছেদ চট্টোপাধ্যায় পরিবারের এক অমীমাংসিত সংকট হিসেবেই থেকে গেছে।