আপার প্রাইমারি নিয়োগ নিয়ে রাজ্যকে চরম হুঁশিয়ারি হাইকোর্টের!

আপার প্রাইমারিতে ১,২৪১ জনের নিয়োগে বিলম্ব, বিভাগীয় সচিবকে ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও আপার প্রাইমারিতে ১,২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ নিয়ে রাজ্যের বিভাগীয় সচিবের ভূমিকার কড়া সমালোচনা করেছে। আদালত অবমাননার এই মামলায় বিচারপতিরা প্রশ্ন তোলেন, আদালতকে উপেক্ষা করে কেন দুই বছর ধরে নির্দেশ আটকে রাখা হয়েছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও রাজ্য সরকারের এই গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া কার্যকর না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আদালত জানিয়েছে, রাজ্য হয় অবিলম্বে এই নির্দেশ পালন করুক অথবা অন্য পথে হাঁটতে প্রস্তুত থাকুক। সোমবার শুনানির সময় অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বিষয়টি ব্যক্তিগত উদ্যোগে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আদালতের কাছে সময় চেয়েছেন। আদালত রাজ্যকে একগুচ্ছ সুযোগ দিয়ে আগামী ৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *