সব্যসাচীর গুপ্তধন উদ্ধার! নেত্রীর শ্বশুরবাড়ি থেকে মিলল ৫ কোটির সোনা
নদিয়ার করিমপুরে তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ নেত্রী টিনা ভৌমিকের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বিধাননগর উত্তর ও করিমপুর থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তোলাবাজির একটি মামলায় হাজিরা না দেওয়ার পর ওই নেত্রীর বাড়িতে পুলিশের এই বিশেষ মেগা অপারেশন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার রাত পৌনে ১২টা নাগাদ ৭ জন আধিকারিকসহ ২১ জনের পুলিশি দল বাড়িটি ঘিরে ফেলে। রাত সাড়ে ১২টা নাগাদ সব্যসাচী দত্তকেও পুলিশের গাড়িতে করে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এর আগে সব্যসাচী দত্তর বাড়ি থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছিল বিধাননগর পুলিশ। জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিকের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হওয়া এই সোনার উৎস এবং সব্যসাচী দত্তর সঙ্গে এর যোগসূত্র নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এ বিষয়ে টিনা ভৌমিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।