বাজেটে বড় চমক, কাঁথি এখন নতুন পুলিশ জেলা!
পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমাকে পৃথক পুলিশ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার পেশ করা রাজ্য বাজেটে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবন হওয়ায় কাঁথির বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা, দিঘা, তাজপুর ও মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র এবং শঙ্করপুর ও পেটুয়াঘাটের মতো গুরুত্বপূর্ণ মৎস্যবন্দরের আইনশৃঙ্খলা রক্ষার তাগিদেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দাদনপত্রবাড়ে নতুন সমুদ্রবন্দর নির্মাণ এবং কাঁথি ও এগরা মহকুমার ১৩টি থানার আওতায় থাকা ২১ লক্ষাধিক বাসিন্দার নিরাপত্তার বিষয়টিও এই প্রশাসনিক পুনর্বিন্যাসের অন্যতম কারণ।
দীর্ঘদিন ধরে কাঁথিকে পৃথক জেলা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। জেলা সদর তমলুক দূরবর্তী হওয়ায় নাগরিক কনভেনশন ও গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে তাঁরা এই দাবি তুলে ধরেছিলেন। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, নতুন পুলিশ জেলা হিসেবে কাঁথির আত্মপ্রকাশ আসলে পূর্ণাঙ্গ জেলা গঠনের পথে প্রথম ধাপ। এর ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উত্তরণ ঘটবে বলে মনে করা হচ্ছে।