ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের হাতছানি, আটঘাট বেঁধে গালফ সফরে মার্কিন বিদেশ সচিব!
আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ নিরসনে তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত ও বাহরিন সফর করবেন। আলোচনার মূল বিষয় হলো ইরানের পুনর্গঠনের জন্য ঘোষিত ৩০০ বিলিয়ন ডলারের বিশাল তহবিলের জোগানদাতা কে এবং এই চুক্তির ফলে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করা।
উপসাগরীয় দেশগুলো এই কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানালেও, ৩০০ বিলিয়ন ডলারের তহবিলের সঠিক উৎস এবং এর ব্যবহারে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির আশঙ্কা নিয়ে সন্দিহান। এছাড়া গত সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশগুলো। এদিকে, একদিকে তেহরান ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ দাবি করছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানকে আমেরিকা থেকে কোনো অর্থ সহায়তা দেওয়া হবে না। ফলে এই বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।