তৃণমূলে মহাবিপ্লব! মমতার কোপে ফিরহাদ-অরূপ সহ বহিষ্কৃত হেভিওয়েটরা
রাজ্য রাজনীতিতে নজিরবিহীন পালাবদল ঘটিয়ে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান ও রথীন ঘোষসহ একাধিক হেভিওয়েট নেতাকে দল থেকে পাকাপাকিভাবে বহিষ্কার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল’ তৃণমূল গঠন এবং নতুন জাতীয় কর্মসমিতি ঘোষণা করার জেরেই মঙ্গলবার দুপুরে কালীঘাট তৃণমূল নেতৃত্ব এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। শোকজ নোটিসের উত্তর পাওয়ার আগেই অরূপ রায়, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন ও স্নেহাশিস চক্রবর্তীর মতো নেতাদের বহিষ্কার করা হয়েছে।
সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত বিশেষ অধিবেশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো স্থান ছিল না। ওই কমিটিতে অরূপ রায়কে চেয়ারপার্সন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ চারজনকে সাধারণ সম্পাদক করা হয়। এই নতুন শিবিরে যোগ দেওয়ার দায়েই মূলত পুরনো তৃণমূল নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিল। দল ও সংগঠনকে ঘিরে সৃষ্ট এই বিভাজন রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণ ও ভোটব্যাঙ্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।