শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে ধুলোয় মিশল প্রশাসনের বুলডোজার!
মাতলা নদীর চর ও সেচ দপ্তরের জমি দখল করে গড়ে তোলা বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কূলে’ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ও ক্যাফের মালিক ইমরান মোল্লাকে এ বিষয়ে নোটিস পাঠিয়েছেন মহকুমাশাসক। আগামী ২৯ জুনের মধ্যে নিজ দায়িত্বে এই অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সরকারি উদ্যোগে বুলডোজার চালিয়ে এই ক্যাফে গুঁড়িয়ে দেওয়া হবে।
ক্যানিংয়ের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় সরকারি নিয়ম উপেক্ষা করে এই ক্যাফেটি নির্মাণ করা হয়েছিল। শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ইমরান মোল্লা মাতলা নদীর চরে এই ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ভাঙড় বিস্ফোরণকাণ্ডে প্রাক্তন এই বিধায়ক এনআইএ-র হাতে গ্রেপ্তারের পর বিষয়টি নজরে আসে। মহকুমা শাসকের দপ্তরে ক্যাফে সংক্রান্ত নথি যাচাইয়ের পর স্পষ্ট হয় যে, সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জমি দখল করে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
এই কঠোর সিদ্ধান্তের মাধ্যমে নদীচর ও সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে ক্যানিংয়ের ওই এলাকায় মাতলা নদীর তীরে গড়ে ওঠা অন্যান্য দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের প্রক্রিয়াও শুরু হয়েছে। ‘অরণ্যের কূলে’ ক্যাফে ভাঙার এই পদক্ষেপ ওই অঞ্চলের বাকি বেআইনি দখলদারদের উচ্ছেদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।