২৯ বছরের লড়াইয়ে জয়! বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে দুই হাত হারানো যুবক পেলেন ২৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ

উত্তরপ্রদেশের আগ্রায় ১৯৯৭ সালে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে দুই হাত হারানো এক ব্যক্তি দীর্ঘ ২৯ বছর পর সুবিচার পেলেন। এলাহাবাদ হাইকোর্ট এই ঘটনায় ঐতিহাসিক রায় প্রদান করে ভুক্তভোগী ‘পাপ্পু’-কে ২৬.৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি সন্দীপ জৈনের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, জনবহুল এলাকায় অরক্ষিতভাবে উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার রাখা বিদ্যুৎ কর্তৃপক্ষের চরম অবহেলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা তাদেরই দায়বদ্ধতা।

ঘটনার সূত্রপাত ১৯৯৭ সালের মার্চ মাসে, যখন সাত বছর বয়সী শিশুটি আগ্রার নাগলা পাদি এলাকায় একটি বিদ্যালয়ের সামনে ১১ হাজার ভোল্টের একটি অরক্ষিত ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তার দুটি হাতই বিচ্ছেদ করতে হয় চিকিৎসকদের। ২০০৫ সালে নিম্ন আদালত শিশুটির অসাবধানতাকে দায়ী করে আবেদন খারিজ করলেও, বর্তমান রায়ে উচ্চ আদালত সেই সিদ্ধান্ত বাতিল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মূল ক্ষতিপূরণের পাশাপাশি ১৯৯৭ সালের ৩০ মে থেকে বার্ষিক ৬ শতাংশ সুদ এবং দীর্ঘ আইনি লড়াইয়ের সমস্ত খরচ আগামী এক মাসের মধ্যে উত্তরপ্রদেশ বিদ্যুৎ বোর্ডকে পরিশোধ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *