রাজ্যের সম্পত্তি ফেরাতে নজিরবিহীন হুঙ্কার মুখ্যমন্ত্রীর!
রাজ্য থেকে গুণ্ডা ও মাফিয়া উপদ্রব নির্মূল করতে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার লক্ষ্যে বিধানসভায় নতুন আইন আনতে চলেছে সরকার। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো গুণ্ডা বা মাফিয়াকে জেলের বাইরে থাকতে দেওয়া হবে না এবং দুর্নীতির সঙ্গে বর্তমান সরকার কোনোভাবেই আপস করবে না।
নতুন এই বিলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করেন এবং বেআইনি সম্পত্তির অভিযোগ তোলেন। তিনি কটাক্ষ করে বলেন, কলকাতার ফ্লাইওভারের নিচে বসবাসকারী গৃহহীন মানুষদের এই নেতাদের প্রাসাদে আশ্রয় দেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একাংশ নিয়ে ওঠা বেআইনি নির্মাণের অভিযোগ এবং কলকাতা পুরনিগমের নোটিশ প্রদানের ঘটনার প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।