দল বাঁচাতে আসরে খোদ মমতা! এবার কি আইপ্যাকের বিকল্পে আসছে ‘জনতার দরবার’?
তৃণমূলের ভাঙন রুখতে কালীঘাটে মমতার ‘জনতার দরবার’, বড়সড় কৌশল বদল দলে
দলের অভ্যন্তরে ধারাবাহিক ভাঙন ও শীর্ষ নেতাদের দলত্যাগের প্রেক্ষাপটে সংগঠনকে মজবুত করতে সরাসরি ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এখন থেকে প্রতিদিন কালীঘাটে ‘জনতার দরবার’ বসাবেন তিনি। বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিজের বাসভবনে তিনি সরাসরি তৃণমূল স্তরের কর্মী ও সাধারণ মানুষের কথা শুনবেন। সমান্তরালভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের পার্টি অফিসে বসে একই পদ্ধতিতে জনসংযোগ কর্মসূচি পরিচালনা করবেন।
নেতাদের দলবদল ঠেকাতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বর্তমানে সাংগঠনিক কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন করে নেতাদের লক্ষ্যবস্তু হওয়া আটকাতে এখনই কোনো নতুন কমিটি গঠনে তাড়াহুড়ো করা হচ্ছে না। পাশাপাশি, ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (I-PAC)-এর ওপর সম্পূর্ণ নির্ভরতা কমিয়ে পুরনো পদ্ধতিতে নিজস্ব সংগঠনকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে রাত অবধি জেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আরও দাবি করেন, যে নেতারা দল ছাড়ছেন, তাঁদের সঙ্গে নিচুতলার কর্মীদের কোনো যোগাযোগ নেই।