তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৬!
তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কট্টানরপট্টিতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঘটা এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে কারখানার ভবনের একাংশ সম্পূর্ণ ধসে পড়েছে।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি ভেতরে আটকা পড়াদের বের করে আনার প্রক্রিয়া চলছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এদিকে, এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দ্রুত উদ্ধার তৎপরতা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।