চারধাম যাত্রায় কড়া নিয়ম, অ-সনাতনীদের জন্য বাধ্যতামূলক হলফনামা!

অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দ্বার উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উত্তরাখণ্ডের এবারের চারধাম যাত্রা। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় রীতির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পূজা সম্পন্ন করে এই যাত্রার সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উপস্থিত ছিলেন। আগামী ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের কপাট ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। ইতিমধ্যে দেশ-বিদেশের প্রায় ১৯ লক্ষ পুণ্যার্থী এই যাত্রার জন্য অগ্রিম নাম নথিভুক্ত করেছেন।

তীর্থযাত্রার পবিত্রতা বজায় রাখতে এবং বিপুল জনস্রোত সামলাতে এবার মন্দির চত্বরে মোবাইল ফোন ও ক্যামেরার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অ-সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম জারি করা হয়েছে। বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরে প্রবেশের জন্য অ-সনাতনীদের সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার লিখিত হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, গঙ্গোত্রী মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে অ-সনাতনীদের পঞ্চগব্য গ্রহণ করতে হবে, তবে যমুনোত্রী ধাম কর্তৃপক্ষ জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্তকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছর প্রায় ৫১ লক্ষ মানুষ এই তীর্থযাত্রা সম্পন্ন করেছিলেন, সেই বিপুল ভিড় ও নিরাপত্তা বিবেচনায় প্রশাসন এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *