বিয়ের টোপ দিয়ে সহবাস, বাংলার আইপিএল তারকার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ!
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে হুগলির এক রঞ্জি তথা আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার হুগলির মগরা থানায় ভুক্তভোগী এক ডাক্তারি ছাত্রী তাঁর মায়ের সঙ্গে এসে এই লিখিত অভিযোগ দায়ের করেন। তরুণীর দাবি, ওই ক্রিকেটারের সঙ্গে তাঁর দীর্ঘ সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁদের বিয়ে করার কথাও পাকা ছিল। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে বিবাদ হলেও তখন কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। এ ঘটনায় রাজ্য ক্রীড়ামহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং মগরা থানায় পৌঁছে ডিএসপি ক্রাইম এবং মগরা থানার আইসির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। এদিকে অভিযুক্ত ক্রিকেটার বর্তমানে সপরিবারে ভিনরাজ্যে রয়েছেন এবং তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য।