শ্রাবণ মাসের সোমবারগুলো কি ভাবে কাটাবেন? জেনে নিন ব্রতের দিনক্ষণ ও পুজোর সঠিক নিয়ম!

আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র শ্রাবণ মাস, যা চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই মাসে দেশজুড়ে ভক্তরা নিষ্ঠাভরে ভোলানাথের আরাধনা করেন। এ বছর শ্রাবণ মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে, যার মধ্যে প্রথম সোমবার ২০ জুলাই, দ্বিতীয় ২৭ জুলাই, তৃতীয় ৩ অগাস্ট, চতুর্থ ১০ অগাস্ট এবং পঞ্চম সোমবার ১৭ অগাস্ট নির্ধারিত হয়েছে। পৌরাণিক কাহিনি অনুসারে, সমুদ্র মন্থনের সময় সৃষ্ট হলাহল বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন মহাদেব। সেই বিষের জ্বালা প্রশমনের উদ্দেশ্যেই ভক্তরা এই মাসে শিবের মাথায় শীতল গঙ্গা জল ও দুগ্ধ অর্পণ করে থাকেন।

শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস করে বা নিরামিষ আহার গ্রহণ করে শিবের আরাধনা করা অত্যন্ত পুণ্যফলদায়ী বলে মনে করা হয়। এই সময়ে ভক্তিভরে শিবলিঙ্গে জল, বেলপাতা এবং ধুতুরা, আকন্দ, অপরাজিতা বা কলকে ফুল অর্পণ করলে জীবনের বিপদ দূর হয় বলে বিশ্বাস। এছাড়া নিয়মিত শিবস্তোত্র ও ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্র’ জপ করা, রুদ্রাক্ষ ধারণ করা কিংবা স্ফটিক শিবলিঙ্গ প্রতিষ্ঠার জন্য এই মাসটি বিশেষ উপযুক্ত। সাধারণত স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় বিবাহিত নারীরা এই ব্রত পালন করলেও, অবিবাহিত নারী-পুরুষরাও নিষ্ঠার সঙ্গে শিবপুজোয় অংশ নেন। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *