মমতাকে সরিয়ে ‘আসল তৃণমূল’ দাবি ঋতব্রতদের, তুঙ্গে চরম অন্তর্দ্বন্দ্ব!

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তারা দলের এক বিশেষ অধিবেশনের নথি জমা দিয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অরূপ রায়কে নতুন চেয়ারপার্সন এবং ৩০ সদস্যের একটি নতুন জাতীয় কর্মসমিতি গঠনের ঘোষণা করা হয়েছে। দলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থার জেরে এই নজিরবিহীন ভাঙন সৃষ্টি হয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়সহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে দেখা করে ওই অধিবেশনের কার্যবিবরণী জমা দেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, তারাই ‘আসল তৃণমূল’ এবং জোড়াফুল প্রতীকের ওপর তাদেরই অধিকার রয়েছে। এই লক্ষ্যে দিল্লি ও রাজ্যে নির্বাচন কমিশনের দপ্তরে তারা আইনি তৎপরতা শুরু করেছে। বিদ্রোহী শিবিরে সম্প্রতি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিধায়ক অশোক দেব যোগ দেওয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। পাল্টা অবস্থানে কালীঘাট শিবির পুরো প্রক্রিয়াটিকে বেআইনি আখ্যা দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের চেয়ারপার্সন পদে বহাল রয়েছেন। প্রতীক ও আইনি অধিকার নিয়ে এই দ্বন্দ্ব বড় ধরনের আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *