আপনার রক্তের গ্রুপই কি টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে?
ডায়াবেটিসের ঝুঁকি এবং রক্ত গ্রুপের মধ্যে এক নতুন যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, সাধারণ জীবনযাত্রা ও বংশগত কারণের পাশাপাশি মানুষের রক্তের গ্রুপও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ‘বি’ (B) ব্লাড গ্রুপের মানুষদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ২৮ শতাংশ পর্যন্ত বেশি। ৫১টি গবেষণার ৬ হাজার ৮৭০ জন মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে।
বিজ্ঞানীরা এই ঝুঁকির সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে না পারলেও প্রাথমিকভাবে অন্ত্রের মাইক্রোবায়োম বা উপকারী ব্যাকটেরিয়ার তারতম্যকে এর জন্য দায়ী বলে মনে করছেন। তবে চিকিৎসকরা স্পষ্ট করেছেন যে, ‘বি’ গ্রুপের হলেই ডায়াবেটিস হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পারিবারিক ইতিহাসই এখনো ডায়াবেটিসের প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। তাই রক্তের গ্রুপ নির্বিশেষে সঠিক জীবনযাত্রা, নিয়মিত শরীরচর্চা ও সচেতনতাই এই রোগ প্রতিরোধের মূল উপায়।