ফ্রান্সের সঙ্গীত উৎসবে নারকীয় তাণ্ডব, মাদক ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২৮৩!
ফ্রান্সের ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব ‘ফেত দ্য লা মিউজিক’ ঘিরে এবার দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও বিশৃঙ্খলা। ২১ জুন আয়োজিত এই উৎসবে ভিড়ের সুযোগ নিয়ে অংশগ্রহণকারী অনেক নারীকে ইনজেকশনের মাধ্যমে মাদক প্রয়োগ, শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ঘটা এই ঘটনায় ভুক্তভোগী নারীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁদের শরীরে ক্ষতিকারক কোনো মাদকের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করছেন।
এই নারকীয় পরিস্থিতির মোকাবিলায় ফ্রান্সজুড়ে ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে যৌন নির্যাতন ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। উৎসবের আবহে সংঘটিত এই অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে ফ্রান্সের পর্যটন এবং ভবিষ্যতে বড় ধরনের জনসমাগম আয়োজন নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত জননিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি প্রশাসন কঠোর নীতি গ্রহণের পরিকল্পনা করছে।