ব্যারাকপুরে মর্মান্তিক দুর্ঘটনা! অটোর কাঁচ ভেঙে বুকে ঢুকল রড, প্রাণ গেল আইনজীবীর
আইনজীবীর মর্মান্তিক মৃত্যু: অটোর কাঁচ ভেঙে বুকে বিঁধল লোহার রড
ব্যারাকপুর: বুধবার দুপুরে বারাসাত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ সংলগ্ন পাঞ্জাবিখোলা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। মৃত ওই আইনজীবীর নাম উত্তম দস্তিদার (৪৯)। জানা গেছে, ব্যক্তিগত গাড়িতে যান্ত্রিক ত্রুটি থাকায় তিনি অটোতে করে বারাসাত আদালতে যাচ্ছিলেন। এ সময় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রড বোঝাই একটি ইঞ্জিন ভ্যানে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ভ্যানে থাকা একটি মোটা লোহার রড অটোর কাঁচ ভেঙে সরাসরি উত্তম দস্তিদারের বুকে ঢুকে যায়। এ ঘটনায় অটোর অন্য দুই যাত্রী আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
স্থানীয়রা গুরুতর আহত ওই আইনজীবীকে উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অটোর নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বারাসাত থানা ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।