সংখ্যালঘু ভোটে নজর, ঘুরে দাঁড়াতে আগস্টেই বিশেষ অধিবেশনে সিপিএম!
রাজ্য রাজনীতিতে নিজেদের অবস্থান মজবুত করতে আগামী ৩০ ও ৩১ আগস্ট কল্যাণী শহরে বিশেষ বর্ধিত অধিবেশন ডেকেছে সিপিএম। দলের রাজ্য কমিটির এই গুরুত্বপূর্ণ অধিবেশনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন কৌশল নির্ধারণ করা হবে। দুই দিনের এই কর্মসূচিতে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবিসহ পলিটব্যুরোর একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।
সাম্প্রতিক নির্বাচনে ডোমকল আসন থেকে জয়লাভ ও ফলতা উপনির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন কর্মিদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তবে গত পাঁচ বছরে দলের ভোট ব্যাংক পাঁচ শতাংশের ঘরে থমকে থাকায় এবং তৃণমূল ও বিজেপির দিকে চলে যাওয়া দরিদ্র শ্রেণির ভোটারদের ফিরিয়ে আনা দলটির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আলিমুদ্দিনের নীতিনির্ধারকদের মতে, রাজ্যের ভোট রাজনীতিতে প্রভাব বজায় রাখতে সংখ্যালঘু ভোটারদের সমর্থন পুনরুদ্ধার করা জরুরি।
আন্দোলনের পরবর্তী রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যেই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। দলের একাংশের মতে, বর্তমান সরকারের বিরুদ্ধে তাড়াহুড়ো করে সর্বাত্মক আন্দোলনের পথে না হেঁটে, সেই সময়কে কাজে লাগিয়ে সংগঠনের নকশা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে সাংগঠনিক শক্তি বাড়াতে রাজ্য কমিটিতে রদবদল আনা হয়েছে। কৃষক নেতা মেঘনাথ ভূঁইয়া ও যুবনেতা ধ্রুবজ্যোতি চক্রবর্তীকে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানাকে আমন্ত্রিত সদস্য এবং মোনালিসা সিনহাকে রাজ্য কমিটিতে স্থান দিয়ে দল তাদের রাজনৈতিক ভিত শক্তিশালী করার বার্তা দিয়েছে।