সোশাল মিডিয়ায় বন্ধুত্বের ফাঁদ, গুরগাঁওয়ে বাঙালি তরুণীকে ধর্ষণ করে মুক্ত অভিযুক্ত!
সোশাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে গুরগাঁওয়ের একটি হোটেলে ডেকে নিয়ে এক বাঙালি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ ফেব্রুয়ারি গুরগাঁওয়ের সেক্টর ৬৭-র একটি হোটেলে অভিযুক্ত যুবক ওই তরুণীর পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানা গেছে।
এই ঘটনায় নির্যাতিতা গুরগাঁওয়ের সেক্টর ৬৫ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৭২/২০৬ এবং ৬৪(১)(এ) ধারায় মামলা দায়ের করেছিলেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও, তার কাকা প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সে দ্রুত জামিন পেয়ে যায় বলে অভিযোগ উঠেছে। জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত তরুণীকে লাগাতার হুমকি দিচ্ছে এবং ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। বর্তমানে প্রাণের ভয়ে ও লাগাতার আতঙ্কের মধ্যে থাকা ওই তরুণী নতুন করে থানায় অভিযোগ দায়ের করে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।