বইমেলা কি কেবল নির্দিষ্ট সংগঠনের? ৫০তম বর্ষে সর্বজনীন করার জোর ডাক!
বইমেলার নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে সরব প্রকাশকদের একাংশ, ২৯ জুন মহাজাতি সদনে বিশেষ কর্মসূচি
আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কোনো একক সংগঠনের নিয়ন্ত্রণমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করার দাবি তুলেছেন সংঘ পরিবার-ঘনিষ্ঠ প্রকাশনা জগতের একাংশ। আগামী ৫০তম বইমেলা যাতে কোনো গোষ্ঠী বা সংগঠনের প্রভাবমুক্ত হয়ে প্রকৃত অর্থে বাংলার বইমেলা হিসেবে আত্মপ্রকাশ করে, সেই লক্ষ্যেই আন্দোলনের পথে নেমেছেন তাঁরা। এই দাবির সপক্ষে আগামী ২৯ জুন কলকাতার মহাজাতি সদনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের ৭০০-রও বেশি প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
সংগঠনের আহ্বায়ক দেবজিৎ সরকারের অভিযোগ, বর্তমান সরকার ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের আমলে বইমেলায় হাতেগোনা কয়েকটি সংস্থার একচেটিয়া আধিপত্য কায়েম হয়েছে। তাঁর দাবি, বইমেলায় কোনো রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয় এবং কলেজ স্ট্রিটের পাশাপাশি জেলাভিত্তিক ছোট প্রকাশনা সংস্থাগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। বইমেলা পরিচালনায় বর্তমান সংগঠনের পরিবর্তে এমন একটি নতুন সংস্থা গঠনের দাবিও উঠেছে, যেখানে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সকল প্রকাশক অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ২৯ জুনের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আরএসএস-এর দক্ষিণবঙ্গের প্রচারক জিষ্ণু বসু এবং কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।